এই সপ্তাহ
Next issue in: Loading...

সংখ্যা: #6 - প্রকাশিত: 06-2-2025

বিশ্বইজতিমার আখেরি মোনাজাত

আখেরি মোনাজাতে শেষ হলো শুরায়ি নেজাম তাবলিগ জামাতের টানা ৬ দিনের বিশ্ব ইজতেমা। সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়। এর আগে ৩১ জানুয়ারি শুরু হয় প্রথম ধাপের ইজতেমা। আখেরি মোনাজাতের মাধ্যমে ২ ফেব্রুয়ারি শেষ হয়।

আরাবি ইসলাম সুবা

২-২-২০২৫

নিখোঁজের ৩৬ ঘণ্টা পার হয়ে গেলেও হদিস মিলেনি ঢাকার মোহাম্মদপুর থেকে নিখোঁজ কিশোরীর। গত দোসরা ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে রাজধানীর কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর আরাবি ইসলাম সুবা নামের ১১ বছরের ওই কিশোরীর বাবা গতকাল আদাবর থানায় সাধারণ ডায়েরি করেন।

গণমাধ্যমের খবর অনুযায়ী, তার মা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। সম্প্রতি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার কেমোথেরাপি শুরু হয়। মায়ের চিকিৎসার সুবাদেই পরিবারের সাথে ঢাকায় এসেছেন এই কিশোরী।

৪-২-২০২৫

ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছর বয়সী কিশোরীর খোঁজ মিলেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি। মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেছেন, “এটি প্রেম-সম্পর্কিত ঘটনা। নওগাঁ’র এক ছেলের সঙ্গে তিনি পালিয়েছেন। ওই ছেলেকেই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে কিশোরীর হাত ধরে যেতে দেখা যায়।”

জানা যায়, ছেলেটির নাম মোমিন, বাড়ি নওগাঁয়। পরে নওগাঁ শহরে ছেলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সকাল থেকে শহরে অভিযান চালিয়ে সন্ধান পাওয়া যায় সুবার। তারা দুজনই পুলিশের অভিযানের খবর পেয়ে পাশের বাড়িতে লুকিয়ে ছিলো। সুবার খোঁজ পাওয়া গেলেও পালিয়ে গেছে মোমিন। সুবা পুলিশকে জানায় টিকটকের সূত্র ধরে তাদের পরিচয়। দুজন মিলে স্বেচ্ছায় ঢাকা থেকে নওগাঁ চলে যায়।

চাচা, হেনা কোথায়?

১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘হেনা’র দৃশ্যটি নতুন করে ভাইরাল হয়েছে। সিনেমাটিতে বাপ্পারাজ ও শাবনাজ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমার একপর্যায়ে নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পান।

তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? চাচা, হেনা কোথায়?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। এ আমি বিশ্বাস করি না।’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি বাজতে থাকে।

দীর্ঘদিন পর এই সংলাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে।

অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করছেন এবং নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করছেন। বিভিন্ন পেজ, গ্রুপে বানানো হচ্ছে মিমস। মানুষের কমেন্ট বক্সেও অহরহ দেখা যাচ্ছে এই মিমস। তবে ঠিক কী কারণে এই সংলাপটি হঠাৎ করে ভাইরাল হলো, তা স্পষ্ট নয়।

রাজধানীর তিতুমীর কলেজ শিক্ষার্থীদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি

এর বিপরীতে ফেসবুকে তিতুমীর কলেজ কে প্রাথমিক বিদ্যালয় করার দাবি নামক ইভেন্ট।


০৫-০২-২০২৫ বুধবার (২০২৫ এর গুরুত্বপূর্ণ একটি দিন)

বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে ৩২ নম্বরের বাড়ি

গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর বুধবার রাতভর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুলডোজার দিয়ে ভবনটির একাংশ ভেঙে দেয়া হয়। যেসময় এই ভাঙচুর চলছিল তখন পূর্বনির্ধারিত এক ভার্চুয়াল ভাষণে এর সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, যিনি গত পাঁচই অগাস্ট দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন।

বৃহস্পতিবার সকালেও ভবনটিকে বুলডোজার দিয়ে ভাঙতে দেখা যায়।

এছাড়া, খুলনা, চট্টগ্রাম, সিলেট, রংপুরসহ দেশের আরো কয়েকটি স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করা হয়।

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ সব আসামি খালাস

পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয় জনসহ সব আসামিকে খালাস করে রায় দিয়েছে হাইকোর্ট।

এছাড়া খালাস হওয়া আসামিদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড ২৫ জন, ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ১৩ জন।

কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ঘটনা

গত ৩১শে জানুয়ারি কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক হয়ে হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্থানীয় সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করে ‘উচ্চপদস্থ তদন্ত কমিটি’ গঠনের কথা জানিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।

এই ঘটনায় হত্যা মামলা করেছেন তার স্ত্রী ইয়াসমিন নাহার। সদরের কোতয়ালি থানায় মামলাটি দায়ের করেছেন তিনি।

এজাহারে উল্লেখ করা হয়েছে, “বিবাদীরা জায়গা-জমির বিরোধের জেরে আক্রোশান্বিত হয়ে পরস্পরের যোগসাজশে পূর্ব-পরিকল্পিতভাবে আমার স্বামীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটক রেখে মারধর করে হত্যা করে।”

গাজার দখল নিতে চান ট্রাম্প

ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করার পর যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দখল নিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দখল নেবে এবং আমরা এটিকে নিয়ে কাজও করব। আমরা এটির মালিক হব এবং সেখান থেকে সব বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ও অন্যান্য অস্ত্রশস্ত্র ধ্বংস করার দায়দায়িত্ব নেব।’

ট্রাম্প আরও বলেন, ‘যদি প্রয়োজন হয়, আমরা এটা করব। আমরা ভূখণ্ডটির দখল নিতে যাচ্ছি। আমরা এটির উন্নয়ন করতে চলেছি। এখানে হাজার হাজার কাজের সুযোগ তৈরি হবে এবং এটা এমন কিছু হবে, যার জন্য পুরো মধ্যপ্রাচ্য অনেক গর্বিত হবে।’

বিশ্বব্যাপী প্রতিবাদ, হোয়াইট হাউসের বাইরেও ‘ফিলিস্তিন বিক্রির জন্য নয়’ স্লোগান

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে শত শত লোক বিক্ষোভ করেছে। তারা ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ এবং গাজায় ট্রাম্পের জাতিগত নির্মূলের আকাঙ্ক্ষার প্রতিবাদ জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেতানিয়েহুর সঙ্গে বৈঠকে ট্রাম্প যখন গাজা অঞ্চলের ‘মালিকানা’ নেবে বলে হুমকি দিচ্ছিলেন, তখন বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলেন ‘ফিলিস্তিন বিক্রির জন্য নয়’। বিস্তারিত ইত্তেফাক

ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান সৌদির

ফিলিস্তিনের স্বাধীনতা ইস্যুতে সৌদি আরবের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তাকে প্রত্যাখ্যান করেছে রিয়াদ। এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্নে সৌদির অবস্থান আগের মতোই আছে।

সুইডেনে শিক্ষা প্রতিষ্ঠানে গুলির ঘটনায় ১০ জন নিহত

সুইডেনে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে গুলিবর্ষণের ঘটনায় ১০ জনের মতো নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছে বলে তারা ধারণা করছেন।

সুইডেনের মতো দেশে যেখানে এ ধরনের সহিংসতা একেবারেই বিরল সেখানে এখন পর্যন্ত স্কুলে গুলিবর্ষণের সবচেয়ে ভয়াবহ ঘটনা এটি।

গুরুত্বপূর্ণ কিছু বাদ গিয়েছে? আমাদের জানান