২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি, গাজীপুরের একটি এলাকায় ছাত্র ও সাধারণ জনগণের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই হামলায় নেতৃত্ব দেয় ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যূত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী। এই হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান শুরু হয়। তিন দিনে গ্রেপ্তার করা হয় দুই হাজারের বেশি জনকে।
এবছর বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন অভ্র কিবোর্ডের নির্মাতা মেহদী হাসান খান। তবে তিনি এককভাবে এ পুরস্কার নিতে আগ্রহী নন, কারণ এটি তৈরিতে তার আরও তিন বন্ধুরও ভূমিকা ছিল।
তাই অভ্রর জন্য চার গুণীকেই দলগতভাবে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বন্ধুদের ছাড়া পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছেন মেহদী, তা জানিয়ে ফারুকী লিখেছেন, “মেহদী একা এই কৃতিত্ব নিতে চাননি। তার আরো তিন বন্ধু রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা; যারাও অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি।
সরকার নির্বাচিত কিছু গণমাধ্যম ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে ‘আয়নাঘর’ নামে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার সকালে ঢাকার আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরায় অবস্থিত তিনটি গোপন বন্দিশালা পরিদর্শন করেন তিনি। “এটা একটা বীভৎস দৃশ্য!” বন্দিশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন অধ্যাপক ইউনূস।
“বিনা কারণে জঙ্গি আখ্যায়িত করে মানুষকে তুলে এনে এসব টর্চার সেলে নির্যাতন করা হতো,” যোগ করেন তিনি।